শারীরিক শিক্ষার গুরুত্ব ও প্রয়ােজনীয়তা । শারীরিক শিক্ষার গুরুত্ব ও প্রয়ােজনীয়তা
শারীরিক শিক্ষার গুরুত্ব ও প্রয়ােজনীয়তা
শারীরিক শিক্ষা দেহ ও মনের সামঞ্জস্যপূর্ণ উন্নয়ন সাধন করে। শারীরিক শিক্ষা ছাড়া শিক্ষার পূর্ণতা আসে না। যে সব গুণ থাকলে দেশের প্রতিটি নাগরিক সুস্থ, সবল ও দায়িত্বজ্ঞান সম্পন্ন হয়ে গড়ে উঠে এবং নিজের আবেগ নিয়ন্ত্রণে সক্ষম হয়, শারীরিক শিক্ষা সেই গুণাবলি অর্জনে বিশেষ ভূমিকা রাখে। মানুষ সমাজে স্বীকৃতি পেতে চায়। এই স্বীকৃতির মাধ্যমেই তার ব্যক্তিত্বের বিকাশ ঘটে। তাই নেতৃত্ব ও ব্যক্তিত্ব গঠনেও শারীরিক শিক্ষার গুরুত্বপূর্ণ অবদান আছে। আমাদের দেহ কতকগুলাে অঙ্গের সমষ্টি। আবার প্রত্যেকটি অঙ্গ নানাপ্রকার মাংসপেশি, হাড়, শিরা, ধমনি ইত্যাদি নিয়ে গঠিত। দেহকে ঠিক রাখার জন্য সব সময়ই দেহের মধ্যে কতকগুলাে প্রক্রিয়া কাজ করছে। এই প্রক্রিয়াগুলাে সুষ্ঠুভাবে চলার জন্য প্রয়ােজন শারীরিক সুস্থতা। উপযুক্ত খাবার, অঙ্গ সঞ্চালন, বিশ্রাম ও ঘুম এইগুলির অভাবে শরীর সঠিকভাবে বৃদ্ধি পায় না ও সুস্থ থাকে না। আধুনিক শিক্ষা ব্যবস্থা দৈহিক ও মানসিক বিকাশের উপর সমান গুরুত্ব আরােপ করছে।
বিদ্যালয়ে শারীরিক শিক্ষার প্রয়ােজনীয়তাগুলাে ধারাবাহিকভাবে বর্ণনা করা হলােশিক্ষা প্রতিষ্ঠান হলাে সামাজিক প্রতিষ্ঠান। তাই সমাজ সংরক্ষণ, সমাজ সংস্কার ও ইতিবাচক সামাজিক পরিবর্তনের কাজে শিক্ষা প্রতিষ্ঠান সমাজ ও দেশের কাছে দায়বদ্ধ। দেশের মানবসম্পদকে সঠিকভাবে বিকশিত করা এবং আজকের শিশুকে আগামী দিনের সুনাগরিক হিসেবে গড়ে তােলার দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠানের উপর ন্যস্ত। এ ব্যাপারে শিক্ষা প্রতিষ্ঠানের কাজ মূলত দ্বিমুখী। শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম কাজ হলাে শিশুশিক্ষার্থীর ব্যক্তিগত বিকাশ সাধন। এর মধ্যে শিক্ষার্থীর শারীরিক, মানসিক ও আত্মিক দিক অন্তর্ভুক্ত। দ্বিতীয় কাজ হলাে শিক্ষার্থীর জৈবিকসত্তাকে সামাজিক সত্তায় রূপান্তরিত করা। এর মধ্যে শিশুর চারিত্রিক ও মূল্যবােধের উন্নতি এবং সামাজিক বিকাশ অন্তর্ভুক্ত।
এই কাজের মধ্যে প্রথমটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যক্ষ কাজ এবং দ্বিতীয়টি তার পরােক্ষ দায়িত্ব।
শারীরিক শিক্ষায় শিক্ষার্থীর প্রয়োজন কয়টি ও কি কি?
শিক্ষার্থীর সর্বাঙ্গীণ বিকাশের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক শিক্ষার প্রয়ােজন হয়। মাসলাে-এর মতে শিক্ষার্থীর এই প্রয়ােজন তিনটি স্তরে বিন্যস্ত। যেমন—
১. শারীরিক ও শারীরবৃত্তীয় প্রয়ােজন (Biological need)
২. মানসিক ও আত্মিক পরিপূর্ণতার প্রয়ােজন (Psychological need)
৩. সামাজিক প্রয়ােজন (Social need)
১. শারীরিক ও শারীরবৃত্তীয় প্রয়ােজন :
শিক্ষার্থীর শারীরিক ও শারীরবৃত্তীয় প্রয়ােজন পূরণে শারীরিক শিক্ষা প্রত্যক্ষ কাজ করে। এ ব্যাপারে শারীরিক শিক্ষার ভূমিকা হলাে
- শারীরিক শিক্ষা শিক্ষার্থীর গতিশীল কাজের জৈবিক প্রয়ােজন পূরণ করে।
- শিক্ষার্থীর দৈহিক গঠন সুন্দর ও মজবুত করে।
- শিক্ষার্থীর শারীরিক সক্ষমতা ও কার্যক্ষমতা বৃদ্ধি করে।
- রােগ প্রতিরােধ ক্ষমতা বাড়ায়। শিক্ষার্থী খেলাধুলার কৌশল শেখার মাধ্যমে খেলাধুলায় পারদর্শিতা অর্জন করে।
- শারীরিক শিক্ষা সুস্থ মনের জন্য সুস্থ দেহ গড়ে তােলে।
২. মানসিক ও আত্মিক পরিপূর্ণতা প্রয়ােজন
- শিশুর মানসিক ও বুদ্ধিমত্তার ভিত গড়ে তােলে।
- পড়াশােনার একঘেয়েমিতা দূর করে।
- শিক্ষার্থীর চারিত্রিক গুণাবলির বিকাশ ঘটায়।
- আত্মসচেতনতা, আত্মনির্ভরতা, আত্মােপলদ্ধি ও আত্মসম্মান বাড়িয়ে তােলে।
- পরিবেশের সাথে মানিয়ে চলতে সাহায্য করে।
- শিক্ষার্থীর মনে সৃজনশীলতার অনুভূতি জাগ্রত করে।
- ক্ষতিকর নেশা থেকে দূরে রাখে।
- চিত্তবিনােদন ও অবসর সময় কাটানাের উপায় নির্বাচনে সাহায্য করে।
৩, সামাজিক প্রয়ােজন
- প্রতিযােগিতার মাধ্যমে সহযােগিতার মনােভাব গড়ে তােলে।
- খেলাধুলায় সামাজিক সম্পর্কের প্রতিফলন ঘটে ও মানসিক গুণ অর্জনে সহায়তা করে।
- শারীরিক শিক্ষা নেতৃত্বদানের ক্ষমতার বিকাশ ঘটায়।
- দেশ ও সমাজের সংস্কৃতির সাথে পরিচয় ঘটায়।
- জাতীয় ও আন্তর্জাতিক সৌভ্রাতৃত্ববােধ জাগিয়ে তােলে।
- শিক্ষার্থীর উদার মানসিকতা ও সমাজের প্রতি দায়িত্ববােধ জাগ্রত করে।

